সাতক্ষীরায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে জলাতঙ্ক প্রতিরোধে র্যাবিস ভ্যাকসিন প্রদান কর্মসূচিও বাস্তবায়ন করা হয়েছে। শনিবার (২৩ মে) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি, ড্রেন, বাজার এলাকা ও জনবহুল স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষ অংশ নেন।
পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, ড্রেন পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়। অন্যদিকে জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুরসহ ঝুঁকিপূর্ণ প্রাণীদের র্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়। সংশ্লিষ্ট ভেটেরিনারি টিম এ টিকাদান কার্যক্রম পরিচালনা করে। তারা জানান, জলাতঙ্ক একটি মারাত্মক হলেও প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো টিকা প্রদান নিশ্চিত করা গেলে প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব। তবে অভিযোগ রয়েছে, জেলার হাসপাতালগুলোতে প্রয়োজনের সময় এ টিকা পাওয়া যায় না।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গুর ঝুঁকি বাড়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, ডেঙ্গু ও জলাতঙ্ক প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি। সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।
আজকের বাণী 
























