লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক কড়া আপত্তি ও দৃঢ় অবস্থানের মুখে সেই উদ্যোগ ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তের শূন্যরেখায় বিএসএফ সদস্যরা নিয়মবহির্ভূতভাবে খুঁটি স্থাপনের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বিজিবিকে অবহিত করেন। খবর পেয়ে বিজিবির কলসিরমুখ বিওপির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তীব্র আপত্তি জানান এবং আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে স্থাপিত খুঁটি অপসারণে বিএসএফের ওপর চাপ প্রয়োগ করা হয়। বিজিবির অনড় অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ সদস্যরা তাদের কার্যক্রম বন্ধ করে দেয় এবং স্থাপিত খুঁটি অপসারণ করে এলাকা ত্যাগ করে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, “আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছিল। বিজিবি তাৎক্ষণিকভাবে শক্ত অবস্থান গ্রহণ করায় তারা তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়।” তিনি আরও জানান, বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয়দের মতে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের অখণ্ডতা রক্ষায় বিজিবির এমন দৃঢ় অবস্থান জনমনে আস্থা বাড়িয়েছে।
আজকের বাণী 
























