সাতক্ষীরার কলারোয়ায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬ মৌসুমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষক ন্যায্যমূল্য পাবেন বলে তিনি উল্লেখ করেন। অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের অবদান অপরিসীম। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কৃষকদের প্রতি আন্তরিক আচরণ করার আহ্বান জানান।
একই সঙ্গে ধান সংগ্রহ কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি বা হয়রানি যেন না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। কৃষকদের সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রইস উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকীভাবে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ধান ও চাল সংগ্রহ শুরু হয়। এ কার্যক্রম ঘিরে স্থানীয় কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আজকের বাণী 






















