ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা
-
আজকের বাণী
-
আপডেট সময়:
১১:০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
-
২০
বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী মো. আসাদুজ্জামান, এলজিইডির সহকারী প্রকৌশলী তন্ময় আহম্মেদ, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মতিয়ার রহমান, সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাবু, ট্রাফিক ইনসপেক্টর মশিউর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সাংবাদিক রঘুনাথ খাঁ, মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, নিরাপদ সড়ক চাই কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নূর মোহাম্মদ পাড়, ট্রাক মালিক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ শাহীন, কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা মাহাবুবর রহমান এবং অটোরিকশা ও অটো মালিক সমিতির সভাপতি জাহিদ হোসেন খানসহ সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা বলেন, সকাল ৮টার আগে শহরের মধ্যে ট্রাক ও ভারী যানবাহন প্রবেশের নিয়ম থাকলেও তা যথাযথভাবে মানা হচ্ছে না। সরু সড়ক, ফুটপাত দখল, বিভিন্ন স্থানে বালু ফেলে রাখা এবং যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামার কারণে যানজট ও দুর্ঘটনা বাড়ছে।
এছাড়া জেলখানা মোড় থেকে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে, আমতলা–টাউন বাজার এলাকা, সঙ্গীতা মোড় এবং জেলা ও দায়রা জজের বাসভবনের আশপাশ এলাকায় যানজট পরিস্থিতি বেশি জটিল হয়ে উঠছে বলে সভায় উল্লেখ করা হয়। সভায় আরও বলা হয়, অতিরিক্ত ইজিবাইক ও মহেন্দ্র চলাচল, স্ট্যান্ড ছাড়ার পর বাসের পথে পথে যাত্রী তোলা এবং নিয়ম না মানার প্রবণতা যানজটের বড় কারণ।
যানজট ও দুর্ঘটনা কমাতে পশুবাহী পিকআপ ও ট্রাকে ব্যানার লাগানো, যাত্রী পরিবহন বন্ধ, ফিটনেসবিহীন ও রুট পারমিট ছাড়া যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, মোবাইল কোর্ট পরিচালনা জোরদার এবং ভিজিল্যান্স টিম গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা ঈদ মৌসুমে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পরিবহন মালিক–শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।
ট্যাগস: