আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য রবিউল বাশার-কে আশাশুনি উপজেলার প্রতাপনগরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১১ মে) বিকাল ৪টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবর্ধনা সভার আয়োজন করে স্থানীয় জামায়াতে ইসলামী প্রতাপনগর ইউনিয়ন শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি সংসদ সদস্য রবিউল বাশার। ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় মানপত্র পাঠ করেন এপিএস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান। সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলী, প্রতাপনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল আলম, ইমাম মাওলানা সোহরাব হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহজাহান হোসেন, জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি মাসুদ রানা, বাজার কমিটির সদস্য আল আমিন, ছাত্র শিবির দক্ষিণ সাথী শাখার তৌহিদুল ইসলাম এবং ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা তৌহিদুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ শহিদুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান। সংবর্ধিত অতিথির বক্তব্যে সংসদ সদস্য রবিউল বাশার বলেন, কালিগঞ্জ ও আশাশুনি তার কাছে দুটি চোখের মতো। তিনি বলেন, “সন্তান দুইটি হলে অসুস্থ সন্তানের দিকে বেশি নজর দিতে হয়—এ কারণে সংসদে প্রথমেই এলাকার জলাবদ্ধতা ও সুপেয় পানির বিষয়টি উত্থাপন করেছি।”
তিনি জানান, সুপেয় পানির জন্য ৯৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং ধাপে ধাপে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া তিনি বলেন, এলাকায় প্রায় ৩ হাজার কিলোমিটার সড়কের মধ্যে ১,০৫২ কিলোমিটার পাকা এবং প্রায় ২,০০০ কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে, যার অধিকাংশই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব সড়ক পাকা করার জন্য ডিও লেটার দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “আমরা সীমিত সময় পেয়েছি। এই সময়ের মধ্যেই এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। তবে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন সবচেয়ে জরুরি।” এর আগে সংসদ সদস্য রবিউল বাশার রুইয়ার বিল ও কুড়িকাহুনিয়া ভাঙন এলাকা এবং ভাসমান সেতু পরিদর্শন করেন।
আজকের বাণী 






















