সাতক্ষীরা উপকূলের সুন্দরবনে জলদস্যু আলিম ও নানাভাই বাহিনীর বিরুদ্ধে ২২ জন জেলেকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। রবিবার সকাল থেকে সোমবার সন্ধ্যার মধ্যে চুনকুড়ি, মালঞ্চ নদী, চালতেবেড়ে, মাইটভাঙা ও পশুরতলা খাল এলাকায় মাছ ও কাঁকড়া ধরার সময় অস্ত্রের মুখে তাদের অপহরণ করা হয়।
এর মধ্যে ৫ জনকে মারধরের পর ছেড়ে দেওয়া হলেও ১৭ জন এখনও জিম্মি রয়েছে। অপহৃতরা শ্যামনগরের মুন্সিগঞ্জ, রমজাননগর ও ঈশ্বরীপুর ইউনিয়নের বাসিন্দা। ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে। স্বজনদের দাবি, এখনো মুক্তিপণের অঙ্ক জানানো হয়নি, তবে যোগাযোগ হলে দাবি জানানো হতে পারে। তারা দ্রুত জেলেদের উদ্ধারের আহ্বান জানিয়েছেন। বন বিভাগ জানিয়েছে, বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে এবং অভিযান চালানোর প্রস্তুতি চলছে। পুলিশ বলছে, বিষয়টি তারা তদন্ত করছে এবং দোষীদের ছাড় দেওয়া হবে না।
রিপোর্টার 



























