সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে কুচক্রী মহলের মিথ্যা অপপ্রচার ও মানহানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আশাশুনির বামনডাঙ্গা গ্রামের আব্দুল হান্নানের ছেলে মো. সালিম উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি ২০১২ সালের শেষের দিকে বুধহাটা দারুল উলুম মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে পরিস্থিতির কারণে তিনি মুহতামিমের দায়িত্ব গ্রহণ করেন। সে সময় মাদ্রাসায় শিক্ষার্থী ছিল মাত্র ৬–৭ জন এবং অবকাঠামো ছিল অত্যন্ত দুর্বল অবস্থায়। তিনি দাবি করেন, স্থানীয় ধর্মপ্রাণ ও বিত্তবানদের সহযোগিতায় মাদ্রাসার ব্যাপক উন্নয়ন করা হয় এবং বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় সাড়ে চারশ শিক্ষার্থী ও ২৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছে। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি উপজেলার অন্যতম কওমি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে বলেও তিনি উল্লেখ করেন। মো. সালিম উদ্দিন অভিযোগ করেন, স্থানীয় একটি কুচক্রী মহল তার সুনাম নষ্ট করতে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সম্প্রতি কিছু গণমাধ্যমে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, মাদ্রাসার হিসাব-নিকাশ নিয়মিতভাবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে এবং প্রতিমাসে তা যাচাই-বাছাই করা হয়। তাই অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সংবাদ সম্মেলনে তিনি পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একটি স্বার্থান্বেষী মহল প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন ও ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে। তিনি সংশ্লিষ্টদের এ ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
-
রিপোর্টার - আপডেট সময়: ১০:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- ৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























