বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধের লক্ষ্যে সাতক্ষীরায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা সংক্রান্ত একটি এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (খাদ্য শিল্প ও উৎপাদন) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। মুখ্য উপস্থাপক হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং বিএফএসএ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেসি সভার কনসালটেন্ট মুস্তাক হাসান মুহাঃ ইফতেখার। স্বাগত বক্তব্য দেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডা. ইসমত জাহান সুমনা। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক প্রভাষক ওমর ফারুক, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, বাসস জেলা প্রতিনিধি আসাদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, শহর আমীর খোরশেদ আলম, কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমানসহ অনেকে। বক্তারা বলেন, ড্রামে বিক্রিত খোলা ভোজ্যতেলে স্বাস্থ্যঝুঁকি রয়েছে, এতে ক্ষতিকর কেমিক্যাল মিশ্রণের আশঙ্কা থাকে এবং উপকারী পুষ্টি উপাদান (যেমন ভিটামিন ‘এ’) পর্যাপ্ত থাকে না।
ফলে এসব তেল দীর্ঘমেয়াদে হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়ায়। তারা আরও বলেন, জনগণকে সচেতন করে খোলা ভোজ্যতেল পরিহার করে বোতলজাত ও মানসম্মত তেল ব্যবহারে অভ্যস্ত করতে হবে। একইসাথে খোলা বাজারে বিক্রি হওয়া লবণ আয়োডিনসমৃদ্ধ কিনা তা নিশ্চিত না হওয়ায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলেও সতর্ক করা হয়। তাই প্যাকেটজাত লবণ ও মানসম্পন্ন খাদ্যপণ্য বাজারজাতকরণে জোর দেওয়ার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রোগ্রাম অফিসার ডা. আলিভা হক।
রিপোর্টার 






















