সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে “বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬”। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় কলেজ চত্বরে আয়োজিত আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আল মুস্তানছির বিল্যাহ এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. শাহিনুর রহমান। এ সময় সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক মো. মাহমুদুল কবীরসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী আয়োজনে রয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, নজরুল ও রবীন্দ্রসংগীত, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা ও জ্ঞানবিষয়ক কুইজ। এতে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় সংস্কৃতিপ্রেমীরাও অংশ নিচ্ছেন। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক এবং সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সন্দীপ দাস।
রিপোর্টার 






















