প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে দেশব্যাপী অনুষ্ঠিতব্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস- ২০২৬’ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন ও প্রচার-প্রচারণা জোরদার করতে সাতক্ষীরায় প্রেস-ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস-ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা আখতার। প্রেস-ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ উদ্যোগের লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গড়ে তোলা। তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস শুধু প্রতিযোগিতা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।’ তিনি আরও বলেন, এ আয়োজন সফল করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাংবাদিকদের লেখনি ও প্রচারণার মাধ্যমে কার্যক্রমটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রেস-ব্রিফিংয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল খায়ের, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ইতিবাচক ভূমিকা অপরিহার্য। উল্লেখ্য, আগামী ২ মে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস- ২০২৬’ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী।
স্টাফ রিপোর্টার 






















