এসএম আশরাফুল ইসলাম: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে বীথিকা রানী ঘোষ (৪৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মাগুরা কুলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে পাশের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বীথিকা রানী ঘোষ ওই গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি নিজেই একটি মুদি দোকান পরিচালনা করতেন। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, রোববার সন্ধ্যায় বীথিকা বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে দুর্বৃত্তদের কবলে পড়েন। হামলাকারীরা তাঁর মাথা ও কপালে ইট দিয়ে আঘাত করে হত্যা করে এবং পরে মরদেহ পাশের পুকুরে ফেলে দেয়। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নিহতের হাতে থাকা স্বর্ণের রুলি, গলার চেইন ও কানের দুল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) সুশান্ত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মহিলার শরীরে থাকা স্বর্ণের গহনা ছিনতাই করতে গিয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে রাত চারটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
রিপোর্টার 























