নিজস্ব প্রতিনিধি: নারীর প্রতি নির্বাচনী সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান প্রতিকার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিত করতে সাতক্ষীরায় দিনব্যাপী এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সাতক্ষীরা শহরের হোটেল টাইগার প্লাসের সভাকক্ষে এ সভার আয়োজন করে একশনএইড বাংলাদেশ। ‘বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারের জন্য জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ কাঠামো শক্তিশালীকরণ (GRIP)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সিদরাতুল মুনতাহার সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেন্ডার বিশেষজ্ঞ শিউলি আক্তার। তিনি নারীর প্রতি নির্বাচনী সহিংসতা প্রতিরোধ, আইনি প্রতিকার ব্যবস্থা এবং ভুক্তভোগীদের সহায়তার বিভিন্ন দিক তুলে ধরেন।
এডভোকেসি সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সাইদুর রহমান মৃধা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল, ওসিসি প্রতিনিধি, আইনজীবী, লিগ্যাল এইড সহায়তাকারী, সিএসও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীরা।
আলোচনায় নারীর প্রতি নির্বাচনী সহিংসতা প্রতিরোধে কঠোর আইনি প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নির্বাচন কমিশনে অভিযোগ দাখিল, ভোটকেন্দ্রে নারী নিরাপত্তা নিশ্চিতকরণ, রাজনৈতিক দলগুলোর আচরণবিধি প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীদের আইনি সহায়তা জোরদারের বিষয়গুলো তুলে ধরা হয়। বক্তারা বলেন, নির্বাচন কমিশন, প্রশাসন, রাজনৈতিক দল ও পরিবার—সব পক্ষের সম্মিলিত উদ্যোগেই নারীর প্রতি নির্বাচনী সহিংসতা প্রতিরোধ করা সম্ভব। দিনব্যাপী এই এডভোকেসি সভা প্রাণবন্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।
রিপোর্টার 
























