সারা দেশে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পাবলিক পরীক্ষা। এর অংশ হিসেবে সাতক্ষীরা জেলাতেও কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে শুরু হয়েছে মাধ্যমিক পর্যায়ের এই পরীক্ষা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাতক্ষীরার ৫১টি কেন্দ্রে মোট ২১ হাজার ১৩২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ১১ হাজার ২৩৯ জন এবং ছাত্রী ৯ হাজার ৮৯৩ জন। মাধ্যমিকের ২৯টি, মাদ্রাসার ১৪টি এবং কারিগরি শিক্ষার ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কেন্দ্রগুলোর প্রবেশপথে মোতায়েন রয়েছে পুলিশ সদস্যরা। পরীক্ষার্থীদের প্রবেশের সময় তল্লাশি করা হচ্ছে।
নিরাপত্তার অংশ হিসেবে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, এমনকি হাতঘড়ি পরেও পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাদের তৎপরতা অব্যাহত থাকবে। সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর জানান, জেলায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। তিনি বলেন, “সকলের সমন্বয়ে নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে আমরা প্রস্তুত রয়েছি।”
স্টাফ রিপোর্টার 
























