কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। এ উপলক্ষে দিনব্যাপী আয়োজিত বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক প্রকল্প উপস্থাপন করে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম।
উপজেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে মেলাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলী, বেত্রবর্তী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাশেদুল হাসান কামরুল, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওবায়দুল্লাহ, উপজেলা ভেটেরিনারি সার্জন মো. মুরাদ হোসেন এবং সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান মনি প্রমুখ।
এবারের মেলায় উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা বিভিন্ন স্টলে নিজেদের তৈরি বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন ও প্রকল্প প্রদর্শন করে, যা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। উদ্বোধনের পর প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। এসময় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আগ্রহকে প্রশংসা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ মোল্লা। মেলা উদ্বোধনের পর কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের হলরুমে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা দিনব্যাপী আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
রিপোর্টার 





















