সাতক্ষীরার তালা উপজেলায় হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর আওতায় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জ্যোতির্ময় সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সবুজ বিশ্বাস, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, প্রচার সম্পাদক সেকেন্দার আবুজাফর বাবু, নির্বাহী সদস্য কে এম শাহিনুর রহমানসহ হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও সেবিকারা।
অনুষ্ঠানে জানানো হয়, ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত মোট ১১ কর্মদিবসে এ টিকাদান কার্যক্রম চলবে। এ সময়ে উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ২৭ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর্মসূচির আওতায় কমিউনিটি পর্যায়ে ২৮৮টি কেন্দ্রে ৮ দিন এবং ২৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ৮ দিন টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে এ ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অভিভাবকদের নির্ধারিত সময়ে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টার 





















