স্টাফ রিপোর্টার: নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী পটগান প্রদর্শনী। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সদর উপজেলার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর; সহযোগিতায় ছিল সুইজারল্যান্ড সরকার এবং বাস্তবায়নে উইনরক ইন্টারন্যাশনাল। “আশ্বাস” প্রকল্পের আওতায় আয়োজিত এ পটগান প্রদর্শনীতে মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী-পুরুষদের অভিজ্ঞতা, ঝুঁকি ও প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়। শিল্পীরা পটগানের মাধ্যমে সহজ ভাষায় গ্রামীণ জনগোষ্ঠীর কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নিরাপদ অভিবাসন সম্পর্কে সঠিক ধারণার অভাবে অনেকেই প্রতারণার শিকার হয়ে মানব পাচারের ফাঁদে পড়েন। এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে মানব পাচার প্রতিরোধে স্থানীয় জনগণ আরও সক্রিয় ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপান্তরের কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ মাহবুবুর রহমান, সিটিআইপি অ্যাক্টিভিস্ট আল আমিন এবং ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল খায়েরসহ অন্যান্যরা।
রিপোর্টার 






















