যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে মহাসড়কের বেনেয়ালী ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন (২৭) বাঘারপাড়া উপজেলার পার্বতীপুর গ্রামের হাজী শহিদের ছেলে। তিনি খাগড়াছড়ি ৩২ ব্যাটালিয়ন বিজিবিতে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত কামরুল ইসলাম নান্টু (২৯) একই উপজেলার চন্ডিপুর গ্রামের মুরাদ বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহিউদ্দিন ও নান্টু মোটরসাইকেলযোগে শার্শা উপজেলার জামতলার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝিকরগাছা এলাকার ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয়েই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মহিউদ্দিন মারা যান।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বলেন, নিহত বিজিবি সদস্য মহিউদ্দিন ছুটিতে বাড়িতে ছিলেন। জামতলা যাওয়ার পথে তিনি নিহত হন। এ ঘটনায় ঘাতক পিকআপসহ চালককে আটক করা হয়েছে। আটক মমিন হোসেনের বাড়ি ঢাকার হেমায়েতপুরে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
রিপোর্টার 






















