স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শ্রীউলা চৌধুরী বাড়ির মোড়ে এ ঘটনা ঘটে। আহত বিল্লাল হোসেন (২৬) বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে একই গ্রামের কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন রাজু (৩৮), তৈয়বুর রহমান (৩২) ও রনি (২৭)। এ ছাড়া আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি হামলায় অংশ নেয় বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, হামলার সময় রাজু ধারালো কুড়াল দিয়ে বিল্লালের মাথায় আঘাত করার চেষ্টা করেন। আত্মরক্ষার জন্য তিনি হাত দিয়ে ঠেকালে তাঁর বাম হাতে গুরুতর জখম হয়। পরে চিকিৎসকের মাধ্যমে সেখানে সেলাই দেওয়া হয়। একই সময় তৈয়বুর রহমান তাঁর গলা চেপে ধরেন এবং রনি ও অন্যরা লোহার রড ও লাঠি দিয়ে তাঁকে মারধর করেন। এ ঘটনায় বিল্লাল গুরুতর আহত হন। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিল্লালের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে সরে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার বিষয়ে আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
আশাশুনিতে মাদক ব্যবসার প্রতিবাদে যুবকের ওপর হামলা
-
রিপোর্টার - আপডেট সময়: ১০:৫৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- ৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























