কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ৪ বোতল নেশাজাতীয় ইউনিসিরেক্স সিরাপসহ মোস্তাফিজুর রহমান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার মৌতলা কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক মোস্তাফিজুর রহমান শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের কাটিবারহল গ্রামের মির্জা জামাল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মোস্তাফিজুর রহমান একটি মোটরসাইকেলযোগে মৌতলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় মৌতলা বাজার এলাকায় সামাদ শেখ নামের এক ভ্যানচালক রাস্তার পাশে ভ্যান রাখায় তাঁর সঙ্গে মোস্তাফিজুরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মোস্তাফিজুর ভ্যানচালককে ঘুষি মারেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তখন মোস্তাফিজুরের কোমরে থাকা চার বোতল ইউনিসিরেক্স সিরাপ নিচে পড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন তাঁকে মোটরসাইকেলসহ আটক করেন। তবে আটক হওয়ার পর মোস্তাফিজুর দাবি করেন, মোটরসাইকেলটি তাঁর নয়। পরে মৌতলা গ্রামের রাফি কাজীর ছেলে কাজী নুরুননবী (বাবু) মোটরসাইকেলের মালিক দাবি করে ঘটনাস্থলে এসে সেটি নিয়ে যান। পরে স্থানীয়রা আটক মোস্তাফিজুর রহমানকে কালিগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন মহল ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। সবাই একসঙ্গে কাজ করলে উপজেলার প্রতিটি এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
কালিগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক
-
রিপোর্টার - আপডেট সময়: ১০:২৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- ২৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























