স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। রবিবার (৮ মার্চ) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার। তিনি বলেন, নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অনুদান, ঋণসহ নানা ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। নারীর অধিকার প্রতিষ্ঠা ও সহিংসতা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আইটি কর্মকর্তা হেমন্দ্রনাথ সরকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শশাঙ্ক দেবনাথ, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু এবং লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা মল্লিক। এ ছাড়া উপস্থিত নারীদের মধ্য থেকে বক্তব্য দেন সালেহা খাতুন ও সাস-এর রাবেয়া খাতুন। অনুষ্ঠানে নারীর ক্ষমতায়নে অবদান রাখায় প্রেরণা এনজিও ও সাস এনজিওকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানে তিনটি স্টলের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও এলাকার নারী সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
রিপোর্টার 





















