লবণাক্ততার আগ্রাসন, ফসলহানি এবং ঘূর্ণিঝড়ের ঝুঁকির মধ্যে বসবাস করা সাতক্ষীরার উপকূলীয় তরুণরা এবার জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সংগঠিত হলো। সেই লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে ‘ইউথ নেটওয়ার্ক ফর ক্লাইমেট জাস্টিস’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন ডেভেলপমেন্ট (হেড)-এর আয়োজনে এবং ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড ও সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহযোগিতায় ‘এস্টাবলিশ ইউথ নেটওয়ার্ক ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং’ শীর্ষক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে নেটওয়ার্কটি গঠনের ঘোষণা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন এবং সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার তারিকুল ইসলাম অন্তর। প্রধান অতিথির বক্তব্যে শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। লবণাক্ততার বিস্তার, কৃষি সংকট এবং ঘনঘন প্রাকৃতিক দুর্যোগ তরুণদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। এ পরিস্থিতি মোকাবিলায় তরুণদের নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ জরুরি, এবং এই ইউথ নেটওয়ার্ক সেই সুযোগ তৈরি করবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল টোয়েন্টিফোর-এর জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না এবং হেড সংস্থার সহ-সভাপতি শেখ আজিজুর রহমান বাদশা। এছাড়া সভায় উপস্থিত ছিলেন চ্যানেল ওয়ান-এর সাতক্ষীরা প্রতিনিধি নাজমুল সাদাৎ জাকির, ইয়ুথ লিডার মাহবুবুর রহমান, পৌরসভা ইয়ুথ গ্রুপের সভাপতি ইয়াসিন আরাফাত শাওন, শাপলা প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সিহাব সিদ্দিকীসহ বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা।
সভা শেষে তরুণ প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন। তারা স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত জলবায়ু ন্যায়বিচারের দাবি তুলে ধরার পাশাপাশি উপকূলীয় জনগোষ্ঠীর জীবন, জীবিকা ও ভবিষ্যৎ সুরক্ষায় একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।
নিজস্ব প্রতিনিধি 













