আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। সভায় নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, বিএনপি নেতা স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফছার মোর্তজা, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, প্রেসক্লাব সভাপতি এস কে হাসান, পানি উন্নয়ন বোর্ডের এসও রশিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় এমপি রবিউল বাশার তার বক্তব্যে বলেন, আইন শৃঙ্খলা লঙ্ঘনের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে দায়িত্বশীলদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। তিনি সতর্ক করেন যে মাদক যুবক ও সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। তিনি গোয়েন্দা সংস্থা ও প্রশাসনকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া তিনি বলেন, দুর্নীতি, ঘের ও বাড়ি দখল রোধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা দরকার। আনুলিয়া ও শ্রীউলা ইউনিয়নে ভোটের পর দ্বন্দ্ব বেশি দেখা যাচ্ছে। জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পানি নিস্কাশনের প্রতিবন্ধকতা দূর করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। তিনি পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে সবাইকে ভাল কাজ ও ন্যায় কাজে সহযোগিতা এবং অন্যায়-মন্দ কাজে অসহযোগিতা করার আহবান জানান। সভায় বুধহাটা বাজার কমিটি গঠন, মাদক ও জুয়া প্রতিরোধ, ঘেরের পানির আঘাতে রাস্তা নষ্ট হওয়া, ঘেরের মাছ চুরি, জনৈক রমজানের দৌরাত্মসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
রিপোর্টার 













