বাংলাদেশ জামায়াতে ইসলামী–র ঈশ্বরীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খাগড়াঘাট আল-হেরা জামে মসজিদ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। অনুষ্ঠানে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেন। ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, শ্যামনগর উপজেলার সার্বিক উন্নয়নে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
তিনি দেশের স্বার্থে তার দল সংসদে একটি শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াবেকী বিড়ালক্ষী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা অহিদুজ্জামান এবং জয় নগর মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুল বারী। তারা রমজানের তাৎপর্য এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় দায়িত্ব পালন করেন ঈশ্বরীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলমগীর হোসেন।
স্টাফ রিপোর্টার 













