বরিশাল: ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে কেনিয়ায় আটকে রেখে টাকা আদায়ের অভিযোগে বরিশালে মানবপাচার আইনের ধারায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বরিশাল মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রায় দেন। তাদের সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হবে। দণ্ডপ্রাপ্তরা হলেন গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের বাসিন্দা শামীম বেপারী (৩৩) ও রুবেল বেপারী (২৭)। তবে তারা এখনও পলাতক।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ১৭ জুলাই ভুক্তভোগী নাছরিন বেগম তার ছেলেকে ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে কেনিয়ায় আটকে রেখে নির্যাতন ও ৯ লাখ ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ দায়ের করেন। তদন্ত শেষে গৌরনদী মডেল থানার এসআই মজিবর রহমান ২০২৪ সালের ২০ অক্টোবর দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
আদালত ৭ জনের সাক্ষ্য গ্রহণের পর এ রায় দেন। জরিমানা আদায়ের অর্থ ভুক্তভোগী পরিবারের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টার 













