সাতক্ষীরা সদর উপজেলার মোজাফফর গার্ডেনে বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে জামায়াতে ইসলামী’র “দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং জেলা কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “সকলে একসাথে হয়ে আমাদের মোকাবেলা করেছে। নির্বাচন ভাল হলেও নির্বাচনের ফলাফলের কারচুপি হয়েছে। জামায়াত হারেনি, বরং হারানো হয়েছে। আমরা আশাবাদী, ইনশাল্লাহ, যে আবেগ ও উচ্ছ্বাস এই গণজোয়ারে দেখেছি, তা কোনোভাবেই বন্ধ করা যাবে না। আমাদের জন্য প্রয়োজনীয় সহায়তা আল্লাহ দান করবেন। আমরা যেন পার্লামেন্টে যথাযথ দায়িত্ব পালন করতে পারি এবং দেশ ও জাতির আশা ও আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হই।”
তিনি রমজানের তাৎপর্যও তুলে ধরেন এবং বলেন, “রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায়-নীতির চর্চার মাস।” এছাড়া ইফতার মাহফিলে সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয় এবং উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুল বারী, মাওঃ শাহাদাত হোসেন, শহর আমীর জাহিদুল ইসলাম, সেক্রেটারী খোরশেদ আলম, সদর জামায়াতের নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারী মুহাদ্দিস আলাউদ্দিন, অধ্যাপক শহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর, মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ।
নিজস্ব প্রতিনিধি 













