সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ এবং আইসিটি ও ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গত মাসের গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, আইসিটি সহকারী পরিচালক সুব্রত, জেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, ব্রেকিং দ্য সাইলেন্সের ইনচার্জ মো. শরিফুল ইসলাম, সাইবার ক্রাইম এলার্ট টিম লিডার শেখ মাহবুবুল হক, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বেরুর রহমান এবং ঋশিল্পী সেন্টার হাইস্কুলের আইসিটি শিক্ষক মো. সাইফুল আলমসহ কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় সাইবার অপরাধ প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে সাইবার প্রতিরোধ কমিটি গঠন ও কার্যক্রম জোরদার, শিক্ষক-শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কনটেন্ট তৈরি ও প্রচার, আইসিটি শিক্ষকদের মাধ্যমে ডিভাইস নিয়ন্ত্রণ কৌশল ও নিরাপদ ইন্টারনেট ব্যবহারের ওপর গুরুত্বারোপ, অনলাইন অপসংস্কৃতি প্রতিরোধে মনিটরিং জোরদার এবং এআই-জনিত বিভ্রান্তিকর তথ্য ও কনটেন্ট শনাক্তকরণ উল্লেখযোগ্য।
এছাড়া আমলযোগ্য সাইবার অপরাধ দ্রুত আইনের আওতায় আনা, স্থানীয় পর্যায়ে সিভিল প্রটেকশন ফোর্স গঠন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
আইসিটি ও ইনোভেশন কার্যক্রমের আওতায় জেলার ১৩১টি আইসিটি ল্যাব সম্বলিত বিদ্যালয়ের ল্যাব সচল রাখা, শিক্ষার্থীদের ব্যবহার নিশ্চিত করা, আর্থিক ব্যবস্থাপনা ও তদারকি জোরদার, মাস্টার ট্রেইনারদের সম্পৃক্ত করা এবং ইনোভেশন হাবের মাধ্যমে নতুন কনটেন্ট ও উদ্ভাবনী ধারণা সংগ্রহ ও মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার আফরিন সিদ্দিকা।
রিপোর্টার 













