নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে বাধা প্রদান এবং মার্কেট বন্ধের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। দোষীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভুঁইয়া বলেন, দেশের সকল ভোক্তার অধিকার রক্ষায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। তিনি অভিযোগ করেন, ঢাকার চকবাজারের মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভূট্টো সরকারি বাজার তদারকি কার্যক্রমে অনৈতিকভাবে বাধা প্রদান করেছেন। এ ঘটনায় এখনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ। তিনি জানান, ক্যাবের পক্ষ থেকে সারাদেশে জেলা শহরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
মানববন্ধনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ব্যবসায়ী মাফিয়াদের দৌরাত্ম্য ও মব সন্ত্রাস বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। বাজারে বিদ্যমান সিন্ডিকেট ভেঙে দিয়ে স্বাভাবিক বাজারব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ক্যাবের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সামছ্ এ খান বলেন, দেশের প্রায় ১৮ কোটি মানুষই ভোক্তা। তাই ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার নিয়ন্ত্রণে সরকারের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। ক্যাবের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শওকত আলী খান বলেন, বাজার তদারকিতে বাধা প্রদানকারীদের ব্যবসায়িক লাইসেন্স বাতিল করে আইনের আওতায় আনতে হবে।
বাংলাদেশ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে মব সৃষ্টি করে বাধা প্রদান করা অত্যন্ত উদ্বেগজনক। এতে সাধারণ ভোক্তাদের নিরাপত্তা ও অধিকার প্রশ্নবিদ্ধ হয়। তিনি দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। ক্যাবের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান বলেন, সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ থাকলেও অনেক ব্যবসায়ী তা মানতে চান না এবং সিন্ডিকেটের মাধ্যমে ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করছেন। তিনি ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকারের কঠোর পদক্ষেপের দাবি জানান।
রিপোর্টার 













