সাতক্ষীরার কলারোয়ায় ইটবাহী ট্রলির চাপায় সজীব হোসেন (১৫) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার আলাইপুর খাঁপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব উপজেলার আগুনপুর গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে। সে স্থানীয় বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সজীব বাইসাইকেলে করে নিজ গ্রাম আগুনপুর থেকে কলারোয়া সদরের বাসায় আসছিল। আলাইপুর খাঁপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ইটবাহী ট্রলি তার বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে সজীব ছিটকে পড়ে ট্রলির চাকার নিচে পিষ্ট হয়। পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছেলের অকালমৃত্যুর খবরে সজীবের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। স্থানীয়রা অভিযোগ করেন, অবৈধ ট্রলির বেপরোয়া গতির কারণেই এক মেধাবী শিক্ষার্থীর প্রাণ ঝরে গেল। কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা ও বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কলারোয়া থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
রিপোর্টার 













