নিজস্ব প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পবিত্র মাহে রমজানে ইফতার, তারাবি ও সেহরির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। এ সময় জনগণ তাদের সুবিধা-অসুবিধার কথা বলবে, কিন্তু এতে বিরক্ত না হয়ে আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে।
শুক্রবার বিকেলে যশোর সার্কিট হাউজ এর সভাকক্ষে জেলার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী লোডশেডিং কমানো, বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। দেশের পাওয়ার গ্রিডগুলোর মান উন্নয়ন করা গেলে বিদ্যুৎ সমস্যার বড় অংশ সমাধান সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। তাই কৃষকের ফসল উৎপাদনে যেন বিদ্যুতের কোনো সমস্যা না হয়, সেদিকে সংশ্লিষ্টদের বিশেষভাবে নজর দিতে হবে। বিদ্যুৎ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, খোলা ও ইতিবাচক মন নিয়ে জনগণের সেবায় কাজ করতে হবে।
মতবিনিময় সভায় ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক সেখ জাকিরুজ্জামান এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা আবু সাইদ বক্তব্য রাখেন।
এর আগে সন্ধ্যায় প্রতিমন্ত্রী যশোরের হোটেল ওরিয়ন-এ ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
রিপোর্টার 













