সোমবার সকালে বিজিবি মহাপরিচালক শ্যামনগরে স্থাপিত নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাতক্ষীরার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভায় অংশ নেন। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, র্যাব, পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিবির যশোর রিজিয়ন ও খুলনা সেক্টরের অধীনস্থ কর্মকর্তারাও সভায় অংশ নেন। বিজিবি মহাপরিচালক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত। ভোটাররা যাতে নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে দায়িত্ব পালন করবে।
তিনি আশা প্রকাশ করেন, সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে। বিজিবি মহাপরিচালক আরও জানান, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা নিরাপদ রেখে সারা দেশের ৪৯৫ উপজেলার মধ্যে ৪৮৯ উপজেলায় ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। সাতক্ষীরার শ্যামনগরসহ সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়া ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (ছজঋ), র্যাপিড অ্যাকশন টিম (জঅঞ), ক-৯ ডগ স্কোয়াড, ড্রোন ও বডি-অন ক্যামেরা ব্যবহারের প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানান তিনি। সমন্বয় সভা শেষে বিজিবি মহাপরিচালক শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজে স্থাপিত নির্বাচনী বেইজ ক্যাম্পে দায়িত্বরত কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও সৈনিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং টহল জোরদার করার তাগিদ দেন। এ সময় যশোর রিজিয়ন কমান্ডার, খুলনা সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কেরা উপস্থিত ছিলেন। খুলনা ও বরিশাল অঞ্চলের নির্বাচনী বেইজ ক্যাম্পের কমান্ডাররা ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে যুক্ত ছিলেন।
রিপোর্টার 













