কালীগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা সদরের নাজিমগঞ্জ বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক পৌনে ১২টার দিকে বাজারের কাপড়পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে—শতরূপা টেইলার্স, আহসানিয়া গার্মেন্টস, অপরূপা গার্মেন্টস এবং তাহের স্টোর (মুদি দোকান)। দোকান মালিকরা হলেন রবিউল ইসলাম, মীর হাফিজুর রহমান, মনিরুল ইসলাম ও আবু তাহের। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের নৈশ প্রহরী মোস্তাফিজুর রহমান খোকা ও পোল্ট্রি ব্যবসায়ী আব্দুস সেলিম প্রথমে শতরূপা টেইলার্সের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে তারা পাউখালীতে অবস্থিত ফায়ার সার্ভিস ইউনিটে খবর দেন।
স্থানীয় লোকজন ও দোকান মালিকরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতায় চারটি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। বড় ধরনের দুর্ঘটনা থেকে পুরো বাজার রক্ষা পেলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রোববার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুর ১২টার দিকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলহাজ কাজী আলাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
রিপোর্টার 













