আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদী থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সরেজমিনে দেখা যায়, নদী থেকে প্রকাশ্যে বালি উত্তোলন করা হচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, ফয়জুল ইসলাম নামে এক ব্যক্তি গত দুই সপ্তাহের বেশি সময় ধরে এ কার্যক্রম চালিয়ে আসছেন।
তিনি বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ড্রেজার ব্যবহার করে বালি তুলছেন বলে অভিযোগ রয়েছে। ফয়জুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। উত্তোলিত বালি বড়দল মেইন রোডের পাশে গ্রামীণ ব্যাংকের নিকটে শুকুর আলী গাজীর একটি ভরাট কাজে ব্যবহার করা হচ্ছে বলে স্থানীয়রা জানান। তাদের দাবি, প্রায় ১ লাখ ৯০ হাজার টাকার চুক্তিতে ওই ভরাট কাজটি হচ্ছে। এভাবে ড্রেজিংয়ের ফলে আশপাশের জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। তাদের মতে, অবৈধ বালি উত্তোলন চলতে থাকলে নদীভাঙন তীব্র আকার ধারণ করতে পারে এবং নদীপাড়ের বসতবাড়ি ও স্থাপনাগুলো ঝুঁকিতে পড়বে।
এ বিষয়ে বড়দল ইউনিয়ন ভূমি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আগে তার জানা ছিল না। এখন অবগত হয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান। এলাকাবাসী অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
রিপোর্টার 













