ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী, সাবেক এমপি গাজী নজরুল ইসলামের পক্ষে শ্যামনগর উপজেলার দুটি স্থানে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় প্রথম জনসভা হয় গাবুরা ইউনিয়নের লক্ষ্মীখালী দাখিল মাদ্রাসা মাঠে। গাবুরা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল মজিদ, চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, আব্দুর রশিদ, মাওলানা মাহবুবুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা ও টেকসই অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্থায়ী ও টেকসই ভেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার ছাড়া উপকূলবাসীর জীবন-জীবিকা নিরাপদ করা সম্ভব নয়। জলদস্যু ও বনদস্যু দমনে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন। তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া জরুরি। উপকূলীয় অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়ন এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচির ওপরও তিনি গুরুত্ব দেন। গ্রামীণ সড়ক, হাটবাজার ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নের অঙ্গীকার করে তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া কৃষি, ব্যবসা ও শিল্পখাত এগোতে পারে না। সুন্দরবনকে পরিবেশবান্ধব পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলা এবং চিংড়ি, কাঁকড়া ও উপকূলীয় শিল্পের আধুনিকায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির কথাও উল্লেখ করেন। মাগরিবের পর দ্বিতীয় জনসভা অনুষ্ঠিত হয় বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা উপকূলীয় উন্নয়নে পরিকল্পিত ও বাস্তবভিত্তিক কর্মসূচির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। দুইটি জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এসব কর্মসূচির মাধ্যমে শ্যামনগরে জামায়াতের নির্বাচনী প্রচারণায় উপকূলের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মত।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় গাজী নজরুল ইসলাম
-
রিপোর্টার - আপডেট সময়: ১১:৫৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- ৭৪ বার পড়া হয়েছে
ট্যাগস:














