নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে বিলম্বের অভিযোগে গাইবান্ধায় এক অনুষ্ঠানে প্রশ্নের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (১৯ জানুয়ারি) গাইবান্ধায় আয়োজিত এক মতবিনিময় সভার মঞ্চে এ ঘটনা ঘটে।
‘ভোটারদের আস্থা বৃদ্ধি, অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত ও গণভোট বিষয়ে ভোটারদের সচেতনতা’ শীর্ষক ওই সভায় শহীদ হাদির কয়েকজন সমর্থক বিচার কার্যক্রমের অগ্রগতি জানতে চাইলে একপর্যায়ে চিৎকার-চেঁচামেচির সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে ডায়াসে থাকা মাইক্রোফোন থেকে সরে গিয়ে আইন উপদেষ্টা বলেন, “এভাবে তো কথা বলা যাবে না।”
পরে পরিস্থিতি শান্ত করতে মঞ্চের সামনে পোস্টার হাতে দাঁড়িয়ে থাকা দুইজনকে উদ্দেশ করে তিনি বলেন, তারা যেন সভা শেষে তার সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিতদের চিৎকার অব্যাহত থাকে।
আইন উপদেষ্টা মাইক্রোফোনে বলেন, শহীদ হাদি হত্যাকাণ্ডের চার্জশিট ও বিচার প্রক্রিয়া নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। তিনি বলেন, “আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য—এই দুই ভাই আমার সঙ্গে আসবেন, আমি বিস্তারিত ব্যাখ্যা দেব।” চার্জশিট প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “একটি বিচার কাজ শুরু হয় চার্জশিট দেওয়ার পর। আপনারা কি চান চার্জশিট গ্রহণ করা হোক? চান কি না—হ্যাঁ বা না বলেন।”
তিনি আরও জানান, চার্জশিট দেওয়ার দায়িত্ব পুলিশের এবং চার্জশিট গ্রহণের পর বিচার কার্যক্রমে কোনো কালক্ষেপণ করা হবে না। প্রয়োজনে প্রতিদিন আদালত বসবে বলেও মন্তব্য করেন তিনি।
হত্যা মামলার অগ্রগতি নিয়ে দেরির কারণ ব্যাখ্যা করতে গিয়ে আইন উপদেষ্টা বলেন, পুলিশের কাজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাভুক্ত। শহীদ হাদির সমর্থকদের উদ্বেগের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি।
রিপোর্টার 













