সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর সাতক্ষীরা জেলা বোর্ড নির্বাচন–২০২৬-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এসএম সাজেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এসএম বিপ্লব হোসেন। গত ২৯ ডিসেম্বর সারাদেশে একযোগে অনলাইনের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা জেলা কমিটির মোট ৩৫ জন ভোটার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরদিন ৩০ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ-এর ন্যাশনাল ফেসবুক পেজ থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ চলতি জানুয়ারি মাস থেকেই আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। নবগঠিত সাতক্ষীরা জেলা বোর্ডে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুমা খাতুন। এছাড়া হিউম্যান রিসোর্স অফিসার পদে তানজিল আলম, ট্রেজারার পদে নাজমুল হাসান, প্রজেক্ট অফিসার পদে কাজী খালিদ এবং পাবলিক রিলেশন অফিসার পদে নাজমুল সাকিব নির্বাচিত হয়েছেন।
ভিবিডি দীর্ঘদিন ধরে সারাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে কাজ করে আসছে। সংগঠনটি প্রতিবছর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে দায়িত্ব হস্তান্তর করে থাকে। নবনির্বাচিত সভাপতি এসএম সাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম বিপ্লব হোসেন জানান, সাতক্ষীরার সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং যে কোনো সংকটকালে সংগঠনটিকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে এগিয়ে নেওয়ার প্রত্যাশা তাদের। প্রসঙ্গত, এশিয়ার নোবেল খ্যাত র্যামন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ ধ্রুব ২০১১ সালে ভলান্টিয়ার ফর বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। বর্তমানে দেশের ৬৪ জেলার ৫৫ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থেকে এসডিজি বাস্তবায়ন ও যেকোনো জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
রিপোর্টার 













