মাসুদ আলী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সাতক্ষীরার চারটি আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছে জাতীয় পার্টি। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতারের কাছে প্রার্থীদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের নেতৃত্বে দলের নেতারা। জাতীয় পার্টির প্রার্থীরা হলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে: অ্যাডভোকেট মোড়ল জিয়াউর রহমান। সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে: সাবেক এমপি মো. আশরাফুজ্জামান আশু। সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে: অ্যাডভোকেট আলিফ হোসেন এবং সাতক্ষীরা-৪ আসনে অ্যাডভোকেট আব্দুর রশিদ। মনোনয়নপত্র জমার সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন সিনিয়র সহ সভাপতি সৈয়দ মাহমুদ পাপা, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা ছাত্রসমাজ ও যুব সংহতির সভাপতি, জাতীয় তরুণ পার্টি ও ছাত্র শাখার নেতৃবৃন্দ। মনোনয়নপত্র জমা দেওয়ার পরে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে সাতক্ষীরার চার আসনেই জাতীয় পার্টি বিজয়ী হবে। তিনি আরও বলেন, ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে, যা জাতীয় পার্টির প্রার্থীদের বিজয় নিশ্চিত করবে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরার চার আসনে মনোনয়নপত্র জমা দিল জাতীয় পার্টি
-
আজকের বাণী - আপডেট সময়: ১১:২৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- ১১৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























