সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের সদস্য মাহিন ইসলাম (১৬)। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের পল্লীমঙ্গল হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত মাহিন ইসলাম সাতক্ষীরা শহরের পাড়া এলাকার নুর ইসলামের ছেলে। এ ঘটনায় মাহিনের ভগ্নিপতি মো. ওয়াইজ হুসাইন ওরফে দিপু বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মাহিন ইসলাম ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে সাতক্ষীরা জেলা দলের একজন বাছাইকৃত খেলোয়াড়। আগামী ২২ ডিসেম্বর খুলনায় বিভাগীয় পর্যায়ে সাতক্ষীরা ও যশোর জেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাহিন ইসলাম ওই দলে একজন বামহাতি স্পিন বোলার হিসেবে নির্বাচিত হন।
শনিবার সন্ধ্যায় পল্লীমঙ্গল স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন দুর্বৃত্ত মাহিনের পথরোধ করে। এ সময় দুর্বৃত্তদের একজন তাকে উদ্দেশ করে বলে, “তোর জন্য আমার ছোট ভাই টুর্নামেন্টে চান্স পায়নি, তুইও এই টুর্নামেন্টে খেলতে পারবি না।” এরপর তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে এবং খেলা করলে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
মাহিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে স্থানীয়ভাবে তার চিকিৎসা করানো হয়।
এ বিষয়ে ক্রীড়া সংগঠক জিল্লুর রহমান বলেন, খুলনায় অনুষ্ঠিতব্য ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের জন্য সাতক্ষীরা জেলায় খেলোয়াড় বাছাই করা হয়। বাছাইয়ে বাদ পড়া কোনো খেলোয়াড় বা তাদের স্বজনদের জড়িত থাকার আশঙ্কা করা হচ্ছে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার 













