ঢাকার উত্তরায় সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হওয়া সাতক্ষীরার আশাশুনি উপজেলার তিন সাবেক আওয়ামী লীগ নেতাকে আশাশুনি ও সদর থানার চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর দিন পরিবর্তন করা হয়েছে।
কেরানীগঞ্জ কারাগারে বন্দি শম্ভুজিৎ মণ্ডল (৫৮), সামছুর রহমান ঢালী (৫৭) ও জগদীশ চন্দ্র সানা (৫৭)-কে রবিবার হাজির করতে না পারায় আদালত পরবর্তী দিন ৩০ নভেম্বর ধার্য করেছে।
সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে, তিনজনকে গত ১৩ নভেম্বর উত্তরা থেকে গ্রেপ্তার করে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছিল। তারা আশাশুনি থানার তিনটি ও সদর থানার একটি মামলায় এজাহারবহির্ভূত ও সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে হাজির হওয়ার কথা ছিল।
মামলাগুলোতে অভিযোগ রয়েছে– ১৪৪ ধারা ভঙ্গ, হামলা, ভাংচুর, পুলিশের ওপর হামলা, জখম ও সরকারি কাজে বাধা, এবং লুটপাটসহ অগ্নিসংযোগ। এছাড়া আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সংক্রান্ত একটি মামলা রয়েছে।
সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহমান জানিয়েছেন, কেরানীগঞ্জ কারাগার থেকে পুলিশ প্রটোকল সময়মতো না আসায় আদালতে হাজির করা সম্ভব হয়নি।
রিপোর্টার 























