সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরায় মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে
মাসুদ আলী: সাতক্ষীরার প্রখ্যাত ঠিকাদার ও ব্যবসায়ী মোঃ শফিউর রহমান শফি সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকায় ধারাবাহিকভাবে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে পত্রিকার সম্পাদক মো. রাজীব হাসান (রিমু) এবং নির্বাহী সম্পাদক মো. আবু হুরাইয়ার বিরুদ্ধে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবিতে মামলা দায়ের করেছেন। বাদী অভিযোগ করেছেন, তিনি পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত বিভাগ ও এলজিইডির নিবন্ধিত প্রথম শ্রেণির ঠিকাদার এবং সি.এন্ড.এফ লাইসেন্সধারী ব্যবসায়ী। বৈধ লাইসেন্সে বহু বছর ধরে বালু ব্যবসা পরিচালনা করছেন এবং সামাজিকভাবে সম্মানিত। তবে চলতি বছরের ৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত পত্রিকার চারটি সংখ্যায় তাঁর বিরুদ্ধে ‘সরকার বিরোধী ষড়যন্ত্রে জড়িত’, ‘স্ত্রী হত্যাকাণ্ডে অভিযুক্ত’, ‘খাটাল ব্যবসায়ী’, ‘চোরাকারবারী’, ‘মানবপাচারকারী’ ও ‘চাঁদাবাজ’সহ ভিত্তিহীন ও মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে। বাদী দাবি করেছেন, এসব সংবাদ তার সামাজিক, পারিবারিক ও পেশাগত জীবনে গুরুতর নেতিবাচক প্রভাব ফেলেছে। বাদীপক্ষ জানিয়েছে, ৮ অক্টোবর বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রতিবাদ জানিয়েও এবং ৯ অক্টোবর বিবাদীপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠালেও সংবাদ প্রকাশ বন্ধ হয়নি। বাদী অভিযোগ করেছেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সাবেক দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে তার প্রতিবাদের জেরে ওই প্রকৌশলী ও পত্রিকার প্রকাশক একজোট হয়ে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। বাদীপক্ষের আইনজীবী এডভোকেট শফিকুল ইসলাম খোকন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ধারাবাহিক মানহানিকর প্রকাশনার কারণে বাদীপক্ষের পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক সম্মানহানি হয়েছে এবং তিনি শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই বাদীপক্ষ ন্যূনতম ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করছেন। মামলার বিষয়টি বর্তমানে আদালতের তদন্তাধীন রয়েছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সম্পাদক রাজীব হাসান ও নির্বাহী সম্পাদক আবু হুরাইয়ার বিরুদ্ধে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবিতে মামলা
-
রিপোর্টার - আপডেট সময়: ০৭:০১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- ১০৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























