গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। রোববার (৩১ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, নুরুল হক নুরের মূলত চারটি শারীরিক সমস্যা ধরা পড়েছে—নাকের হাড় ও চোয়ালের হাড় ভেঙে যাওয়া, চোখে আঘাত পাওয়া এবং মস্তিষ্কে রক্তক্ষরণ। তবে চিকিৎসার ফলে মস্তিষ্কের রক্তক্ষরণ ধীরে ধীরে কমে আসছে।
পরিচালক আরও জানান, নুর এখনও কিছুটা ট্রমায় আছেন। তবে সর্বশেষ সিটিস্ক্যানের রিপোর্ট ভালো এসেছে এবং ধাপে ধাপে তার অবস্থার উন্নতি হচ্ছে। নুরুল হকের চিকিৎসা ৬ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে এবং চিকিৎসকরা নিয়মিত তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
উল্লেখ্য, ৩০ আগস্ট রাত ৯টার দিকে রাজধানীর বাণিজ্যিক এলাকা আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
রিপোর্টার 























