কুমিল্লা প্রতিনিধি: পিআর-টিআর বুঝি না, আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেই পদ্ধতিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করে বলেন, তারেক রহমানকে আগামীতে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে না দেওয়ার জন্য জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। দলটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও চক্রান্তে লিপ্ত। তিনি আরও বলেন, “১৯৯৬ সালে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে জোট করে ১৭৩ দিন হরতাল করেছে। সেই নির্বাচনে তারা মাত্র ৩টি আসন পেয়েছিল। দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে যদি আগে যেভাবে নির্বাচন হয়েছে, সেভাবে নির্বাচন না হয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুল হুদা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু। উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
রিপোর্টার 























