সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই ‘মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ’ বলতে হবে।
তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাতক্ষীরার ক্রীড়াঙ্গন সব সময়ই সরব। এ জেলার মাটি ক্রীড়ার জন্য উর্বর। এখান থেকে জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় উঠে এসেছেন। জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে নতুন খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে।
জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা পৌরসভার সিও মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল ফেডারেশনের আয়োজনে টুর্নামেন্টে সাত উপজেলা ও সাতক্ষীরা পৌরসভাসহ মোট আটটি দল অংশ নিচ্ছে। সূচি অনুযায়ী, ১৭ আগস্ট উদ্বোধনী খেলায় শ্যামনগর উপজেলা ও কলারোয়া উপজেলা মুখোমুখি হয়। ১৮ আগস্ট সাতক্ষীরা পৌরসভা ও কালীগঞ্জ উপজেলা, ১৯ আগস্ট সাতক্ষীরা সদর ও তালা উপজেলা এবং ২০ আগস্ট দেবহাটা ও আশাশুনি উপজেলা পরস্পরের মুখোমুখি হবে। প্রতিটি খেলা শুরু হবে বিকেল ৩টায়।
কোয়ার্টার ফাইনালের চার বিজয়ী দলকে নিয়ে ২২ ও ২৩ আগস্ট দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট বিকেল ৩টায়।
আজকের বাণী 



























