নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও চীনের গণমাধ্যমের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, তথ্য বিনিময় সম্প্রসারণ এবং জ্বালানি খাতের সাংবাদিকতার উন্নয়নে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব।
রোববার রাজধানীর আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন এফইআরবির চেয়ারম্যান আজিজুর রহমান এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক অলিভিয়া ছু।
অনুষ্ঠানে এফইআরবির প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, জ্বালানি সম্পদ যেকোনো দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বাংলাদেশ ও চীনের গণমাধ্যম এ খাতে সচেতনতা বৃদ্ধি ও তথ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, এফইআরবি ও বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের মধ্যে এই সহযোগিতা দুই দেশের জ্বালানি খাতের টেকসই উন্নয়ন, তথ্য আদান-প্রদান এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময়ে ইতিবাচক অবদান রাখবে। সমঝোতা স্মারক সই শেষে এফইআরবি চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন ও বিভিন্ন মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের প্রযুক্তি, দক্ষতা ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের জ্বালানি খাতসংক্রান্ত বস্তুনিষ্ঠ তথ্য বিনিময় আরও সহজ হবে।
তিনি আরও বলেন, এর ফলে বাংলাদেশের জ্বালানি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানে এফইআরবির নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম সিরাজ, ভাইস চেয়ারম্যান হাসান আজাদ এবং পরিচালক ফয়সাল আতিক ও সজীব আহমেদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন, বাংলাদেশ সিনে-জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিসিজেএ) সভাপতি কামরুল হাসান দর্পণ, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) সভাপতি মোহাম্মদ কাওসার উদ্দিন, অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ আনন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব ২০২৪ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। অন্যদিকে দেশের জ্বালানি খাতের সাংবাদিকদের শীর্ষ সংগঠন এফইআরবি দীর্ঘদিন ধরে জ্বালানি ও বিদ্যুৎ খাতবিষয়ক সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে আসছে।
আজকের বাণী 




























